নিজস্ব প্রতিনিধি – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় কালবৈশাখী ঝড়ে একাধিক স্থানে গাছ উপড়ে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় ১ ঘণ্টার মধ্যে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আজ মঙ্গলবার (৯ জুন) বিকাল ৪টা ১২ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ আসে গজারিয়া উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া, মানাবেরসহ কয়েকটি স্থানে ঝড়ের কবলে গাছ উপড়ে পড়ে সড়ক আটকে আছে।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ারকর্মীরা করাত ও অন্যান্য সরঞ্জাম দিয়ে রাস্তার উপর পড়ে থাকা গাছগুলো কেটে সরিয়ে দেন। ফলে বিকালের মধ্যেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, হঠাৎ শুরু হওয়া ঝোড়ো হাওয়ার কারণে বিভিন্ন এলাকায় গাছের ডাল ভেঙে পড়ার ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
Leave a Reply