ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর হতে পরিবার নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা হয়ে টঙ্গীবাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন প্রবাসী সহ ৯ জন।
প্রবাসী সহ তার পরিবারকে বহন করা যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মালয়েশিয়াপ্রবাসীসহ একই পরিবারের ৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ রোববার (৫ জুলাই) সকালে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের আনাম কোল্ড স্টোরেজ এলাকার ঢাকা-মাওয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন রহিম শেখ, সূচনা, রাসেল, রবিন শেখ (২৮), রোকসানা (২২), তানহা (১৫), পিংকি (১৪), নুসরাত (৩০) ও মো. আলী (৬০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াপ্রবাসী এক স্বজনকে নিয়ে টংগিবাড়ী উপজেলার উদ্দেশে মাইক্রোবাসে রওনা দেন পরিবারের সদস্যরা। পথে ইছাপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়দের অভিযোগ, ট্রাকটি দ্রুতগতিতে ও বেপরোয়াভাবে চলছিল। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে রহিম শেখ ও সূচনার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








Leave a Reply