টঙ্গিবাড়ী প্রতিনিধি-
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বাজারে একটি স্বর্ণের দোকানে কর্মচারীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম সুমন দে (৪৫)। তাহার পিতা- মৃত নারায়ণ দে, মা- মৃত পুষ্প রানী দে। সে টঙ্গিবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন দে দীর্ঘদিন ধরে হাসাইল বাজারের অমিত সরকার গোবিন্দের স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। বসত বাড়ি দূরে হওয়ায় তিনি সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দোকানেই থাকতেন। গতকাল( ৩১ আগস্ট) রাত ৯টায় দোকানের মালিক অমিত সরকার গোবিন্দ তাকে দোকানে রেখে বাড়িতে চলে যান। রাত ১১টার দিকে সুমন দে তার স্ত্রী স্বরসতী দে (৪০) এর সাথে ভিডিও কলে কথা বলেন।
সুমন দে প্রতিদিন সকাল ৬টার মধ্যে ঘুম থেকে উঠে দোকান খুলতেন। কিন্তু আজ মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত দোকান না খোলায় পাশের চালের দোকানদার মঞ্জু রায় (৫৬) তাকে মোবাইলে ফোন দেন। ফোন না ধরায় আশপাশের দোকানদারদের নিয়ে শার্টারে ধাক্কা দিলে একপাশ খোলা পাওয়া যায়। শার্টার উঠিয়ে ভিতরে গিয়ে তারা দেখতে পান সুমন দে উলঙ্গ ও মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছে। পরে দ্রুত শার্টার নামিয়ে তারা দোকানের মালিক অমিত সরকার গোবিন্দ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব নুরুজ্জামান দেওয়ানকে বিষয়টি জানান।
খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি শামীম আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। নিহতের শরীরে কোন আঘাতের চিন্থ পাওয়া যায়নি। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা তদন্ত করে দেখা হচ্ছে। দোকানের মালিক ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে।
Leave a Reply