মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালু-মাটি বহনকারী ট্রাকের নিচে চাপা পড়ে সারিউল (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারিউল লৌহজং উপজেলার খরিয়া গ্রামের মো. শামিম ও মোছা. আরিফা বেগমের সন্তান।
পুলিশ জানায়, কুচিয়ামোড়া ব্রিজের নিচে বালু/মাটি বহনকারী ঢাকা মেট্রো-ট-২৯-০৭৩২ নম্বরের একটি ট্রাক পার্কিং অবস্থায় ছিল।
এ সময় শিশুটি ট্রাকটির নিচে খেলাধুলা করছিল। পরে ট্রাকের চালক শিশুটি নিচে অবস্থান করছে বিষয়টি লক্ষ্য না করে ট্রাকটি অন্যত্র নেওয়ার উদ্দেশ্যে চালু করে সামনের দিকে এগিয়ে নেন। এতে শিশুটি ট্রাকের নিচে পড়ে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় ট্রাকের চালককে শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন রাত ৯টার দিকে বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply