সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল, নিরাপত্তায় অর্ধশত পুলিশ
সিরাজদিখান প্রতিনিধি-
মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঁদাবাজি ও মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় লতব্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের চর-কমলাপুর মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের দেড়শতাধিক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৪৫ থেকে ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিলেন।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে বক্তারা সম্প্রতি উপজেলা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা চাঁদাবাজি ও মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগের প্রতিবাদ জানান। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষকে হয়রানি বা অর্থ আদায় করতে না পারে, সে বিষয়ে দলীয় ও প্রশাসনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিরাজদিখান-গোডাউন বাজার সড়কের লতব্দী ইউনিয়ন পরিষদের সামনে উপজেলা বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে সহস্রাধিক মানুষ অংশ নেন বলে আয়োজকদের দাবি।
এদিকে, পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
Leave a Reply