সিরাজদিখানে মিশুক চালককে ধাক্কা দিয়ে হাসপাতালে নেওয়ার কথা বলে রাস্তায় ফেলে যাওয়া ডামট্রাক চালক গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি –
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডামট্রাকের ধাক্কায় আহত মিশুকচালককে হাসপাতালে না নিয়ে রাস্তার পাশে ফেলে যাওয়ার অভিযোগে ঘাতক ডামট্রাকের চালককে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে দুর্ঘটনায় ব্যবহৃত ডামট্রাকটিও জব্দ করা হয়েছে।
নিহত মিশুকচালকের নাম নুরুল ইসলাম (৬৫)। তিনি সিরাজদিখানের বাসাইল ইউনিয়নের চর গুলগুলিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১১ জুলাই ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে নুরুল ইসলাম নিজ অটো চালিয়ে সিরাজদিখান থানার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া আন্ডারপাসের ভিতর দিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ডামট্রাকের সাথে তার মিশুক অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে নুরুল ইসলাম গুরুতর আহত হন।
অভিযোগ উঠেছে, দুর্ঘটনার পর ডামট্রাক চালক হাসপাতালে নেওয়ার কথা বলে আহত নুরুল ইসলামকে সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের লতব্দী এলাকায় ফজলু চেয়ারম্যানের প্রজেক্টের সামনে পাকা রাস্তার পাশে ফেলে চলে যায়। বিকাল ৩টার দিকে স্থানীয়রা তার পা ভাঙা ও মাথায় আঘাতের চিহ্নসহ মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে সিরাজদিখান থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে। প্রথমে ভিকটিমের ব্যবহৃত মিশুকটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়।
এরপর এসআই রুবেল শিকদার, এসআই রাকিবুল ইসলাম ও এএসআই শরিফুল ইসলামের সমন্বয়ে গঠিত টিম আজ ১৩ জুলাই সকাল ৬টা ৪৫ মিনিটে সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকা থেকে ডামট্রাক চালক ইয়াসিন শেখ (২০) কে গ্রেফতার করে। তার বাড়ি খিদিরপুর গ্রামে।
গ্রেফতারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৭টা ২৫ মিনিটে লতব্দী ইউনিয়নের ইকো সিরামিক্স ইন্ডাস্ট্রিস লিমিটেডের সামনে থেকে দুর্ঘটনায় ব্যবহৃত ডামট্রাকটি (ঢাকা মেট্রো ট-১২-৪৩১৪) জব্দ করা হয়।
এই ঘটনায় সিরাজদিখান থানায় সড়ক পরিবহন আইনের ৯৫/৯৮/১০৫ ধারা এবং দণ্ডবিধির ২০১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-২৫, তারিখ- ১২/০৭/২০২৬।
জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a Reply