টংগিবাড়ীতে ব্রিজের ঢালে দাঁড়িয়ে রাখা বাস উঠে গেল অটোর উপর, চালক আহত
নিজস্ব প্রতিনিধি –
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অটোচালক আহত হয়েছেন। এতে অটোরিকশাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) ২০২৬ সকাল ৭টা ৩০ মিনিটে টংগিবাড়ী থানাধীন বালিগাঁও ইউনিয়নের বালিগাঁও ব্রীজের ঢালে “গাংচিল” পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব- ১১-৬০১৪) অনিরাপদ অবস্থায় চাকা আটকানোর কোনো খিল ছাড়াই দাঁড় করিয়ে রাখা হয়।
এ সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা আরেকটি গাড়ি দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি সামনে দাঁড়িয়ে থাকা ইমরান খানের অটোরিকশার উপর উঠে যায়। এতে অটোচালক ইমরান খান (৫০) এর চোখের উপর জখম হয় এবং তার অটোটি দুমড়ে-মুচড়ে যায়।
আহত ইমরান খান লৌহজং থানার পশ্চিম গাওদিয়া গ্রামের মৃত সালামত খানের ছেলে।
খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে ঘটনাস্থলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
টংগিবাড়ী থানার ডিএসবি জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এখনো পর্যন্ত কোনো আসামী গ্রেফতার হয়নি।
Leave a Reply