মেঝেতে পড়ে আছে ভাঙা ফোন, রান্না করা মাংস মুন্সীগঞ্জে রহস্যজনকভাবে নিখোঁজ নবদম্পতি
নিজস্ব প্রতিনিধি –
ফেসবুকে পরিচয়। তারপর প্রেম। প্রেমের টানে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ। অতঃপর বিয়ে। কিন্তু বিয়ের ৪ মাসের মাথায় সেই প্রেমের গল্পের মোড় নিল ভয়ংকর দিকে। এখন ৪ দিন ধরে নিখোঁজ নবদম্পতি।
প্রায় দেড় বছর আগে ফেসবুকে পরিচয় হয় অজয় সরকারের সাথে রেদওয়ানা আক্তারের। অজয়ের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের দীঘিবরাব এলাকায়। আর রেদওয়ানা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর বেতকা দ্বিপাড়ার মেয়ে। বয়স মাত্র (১৮)।পরিচয় থেকে প্রেম। প্রেম থেকে পরিবারের অমতে পালিয়ে বিয়ে।
ধর্ম পরিবর্তন করে অজয়ের নতুন নাম হয় রায়হান ইসলাম। বর্তমানে তারা মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের হাতিমাড়া এলাকায় টিনশেড বাসায় ভাড়া থাকতেন।
প্রতিবেশীদের দাবি, বিয়ের প্রথম ১ মাস বেশ ভালোই কাটছিল তাদের।
কিন্তু এরপরই বদলে যান রায়হান। গত ৩ মাস ধরে স্ত্রী রেদওয়ানাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ।
পরে গত ১৩ আগস্ট সকাল ৯টার দিকে রেদওয়ানা মায়ের সাথে দেখা করতে আসেন বেতকা চৌরাস্তায়। মা তাকে আদর করে রান্না করা গরুর মাংসও দেন। এর আগের রাতেই স্বামীর সাথে ঝগড়া হয়েছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা।দুপুর ১২টার দিকে একটি মিশুক নিয়ে আসেন রায়হান। স্ত্রীকে নিয়ে চলে যান। এরপরই রহস্য।
রেদওয়ানার ফোন বন্ধ। চিন্তিত মা মেয়ের ভাড়া বাসায় গিয়ে দেখেন দরজায় তালা। তালা ভেঙে ভেতরে ঢুকে চক্ষু চড়কগাছ।
ঘরের মেঝেতে পড়ে আছে সেই গরুর মাংস। আর ভাঙা অবস্থায় পড়ে আছে রেদওয়ানার মোবাইল ও সিমকার্ড।
১৩ আগস্ট দুপুরের পর থেকে রায়হান ও রেদওয়ানার আর কোনো খোঁজ নেই।
এই ঘটনায় রেদওয়ানার মা মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ এখন নিখোঁজ দম্পতির সন্ধানে তৎপর।কেউ তাদের সন্ধান পেলে ০১৮১৮৪২৯৩১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
Leave a Reply