টঙ্গীবাড়ী প্রতিনিধি –
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে বাসার নামে এক ভাড়াটিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চর মামুদালীপুর গ্রামে মোঃ হাজী নজর আলীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাসার পটুয়াখালী সদর উপজেলার বড় আউলিয়াপুর গ্রামের বাসিন্দা। তিনি ৫ সন্তানের জনক।
স্থানীয় ও বাড়ির মালিক সূত্রে জানা যায়, বাসার দীর্ঘদিন যাবত হাজী নজর আলীর একটি পরিত্যক্ত বাড়িতে ভাড়া থাকতেন। আগে স্ত্রীকে নিয়ে থাকলেও কিছুদিন আগে তার স্ত্রী পটুয়াখালী চলে যান। এরপর থেকে তিনি একাই ওই বাড়িতে থাকতেন এবং একটি অটো গাড়ি দিয়ে বিভিন্ন মুরগির দোকানে মুরগি সরবরাহের কাজ করতেন।
আজ বিকালে ওই বাড়ি থেকে পচা দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা গিয়ে ঘরের ভেতর বাসারের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তবে রহস্যজনক বিষয় হলো, যে ঘরে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে, সেই ঘরের দরজা বাইরে থেকে লাগানো ছিল এবং তার জীবিকা নির্বাহের অটো গাড়িটিও ঘটনাস্থলে পাওয়া যায়নি।
বাড়ির মালিক হাজী নজর আলী বলেন, “আমি অন্য বাড়িতে থাকি। ওটা একটা পরিত্যক্ত বাড়ি ছিল। বাসার একাই থাকতো। তার অটো গাড়িটা পাওয়া যাচ্ছে না শুনেছি।”
খবর পেয়ে টঙ্গিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় কিছুটা পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এটি হত্যা নাকি আত্মহত্যাতা ময়নাতদন্তের পর জানা যাবে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা ওসি মোহাম্মদ শামীম আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে মরগে পাঠানোর প্রক্রিয়া চলছে। হয়তো গত ২০ সেপ্টেম্বর রাতে যে কোনভাবে তার মৃত্যু হয়েছে । যে ঘরে হতে মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার ভেতর এবং বাহির দুধ দিক দিয়েই দরজা লাগানো ছিল। অটো হারানোর ব্যাপারে সে বলেন বিষয়টি শোনা যাচ্ছে তবে কোন নির্ভরযোগ্য সূত্রে এখনো নিশ্চিত হওয়া যায়নি যে তার অটো হারানো গিয়েছে বা চুরি হয়েছে।
Leave a Reply