টঙ্গিবাড়ীতে এসএসসি ব্যাচ-১৯৯২-এর পুনর্মিলনী
মোজাফফর হোসেন –
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকায় এসএসসি ব্যাচ-১৯৯২-এর বন্ধুদের নিয়ে উৎসবমুখর পরিবেশে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) উপজেলার উত্তর বেতকায় হাজী মো. মোয়াজ্জেম হোসেন সিকদারের বাড়িতে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীর্ঘ ৩৪ বছর পর একই ব্যাচের বন্ধু-বান্ধবদের একত্রিত করে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বন্ধুদের মিলন, আড্ডা, হাসি-আনন্দ ও স্মৃতিচারণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, কর্মব্যস্ত জীবনের নানা ব্যস্ততার কারণে একই ব্যাচের অনেক বন্ধুর সঙ্গে দীর্ঘদিন দেখা-সাক্ষাৎ হয়নি। ফলে সবাইকে একত্রিত করে পুরোনো দিনের স্মৃতিগুলো নতুন করে স্মরণ করা এবং বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করতেই এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের আয়োজক হাজী মো. মোয়াজ্জেম হোসেন সিকদার বলেন, এসএসসি ১৯৯২ ব্যাচের বন্ধুরা জীবনের দীর্ঘ সময় পার করে আজ আবার একত্রিত হতে পেরেছি এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও আবেগের বিষয়। জীবনের ব্যস্ততায় অনেকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব হয় না। এই পুনর্মিলনীর মাধ্যমে আমরা পুরোনো দিনের স্মৃতি ফিরে পেয়েছি। আমাদের প্রত্যাশা, এই বন্ধুত্বের বন্ধন যেন সারা জীবন অটুট থাকে এবং ভবিষ্যতেও আমরা এভাবে একে অপরের পাশে থাকতে পারি।
তিনি আরও বলেন বন্ধুত্ব শুধু স্কুলজীবনের স্মৃতিতে সীমাবদ্ধ নয়; এটি সারাজীবনের একটি সম্পর্ক। তাই ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার চেষ্টা থাকবে।
বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সারা জীবন এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি ব্যাচ-১৯৯২-এর বন্ধুদের অংশগ্রহণে দিনটি পরিণত হয় স্মৃতিময় ও আনন্দঘন এক মিলনমেলায়।
Leave a Reply