পদ্মায় বাল্কহেডে নৌ-ডাকাতি, ৭৫ হাজার টাকা ও ৩ মোবাইল লুট
নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল সীমানাধীন পদ্মা নদীতে নৌ-ডাকাতির ঘটনা ঘটেছে। ভোরের অন্ধকারে অস্ত্রের মুখে জিম্মি করে একটি বালুবাহী বাল্কহেড থেকে নগদ ৭৫ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল।
বুধবার (৪ নভেম্বর) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে হাসাইল ট্রলার ঘাট সংলগ্ন পদ্মা নদীতে এই ডাকাতির ঘটনা ঘটে।
বাল্কহেডের মালিক বিল্লাল চৌকিদার জানান, ভোরে তাঁদের বাল্কহেডটি হাসাইল ঘাটের কাছে নোঙর করা ছিল। এসময় একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে ১০ থেকে ১২ জনের একটি দল দ্রুত এসে বাল্কহেডের গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে স্টাফদের জিম্মি করে ফেলে।তিনি বলেন, “ভোর ৪টা ৫০ মিনিটের দিকে ওরা আসে। সবার মুখে কালো মাস্ক ছিল। অস্ত্র ঠেকিয়ে বলে টাকা-পয়সা, মোবাইল যা আছে সব দে। প্রাণের ভয়ে আমরা ৭৫ হাজার টাকা আর ৩টা মোবাইল দিয়ে দিই। কাউকে চিনতে পারিনি।”লুটপাট শেষে ডাকাত দল ট্রলার নিয়ে পদ্মার ভেতরের দিকে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর থেকে বাল্কহেডে থাকা শ্রমিকরা চরম আতঙ্কে রয়েছেন।
স্থানীয় নৌযান শ্রমিকরা জানান, হাসাইল নদীতে গভীর রাতে বাল্কহেডে ডাকাতি এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নদীতে পুলিশের টহল না থাকায় ডাকাতরা বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, “ঘটনাটি আপনার মাধ্যমেই জানলাম। এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি নৌ-ডাকাতি হওয়ায় বিষয়টি নৌ-পুলিশের এখতিয়ারভুক্ত।
এ ঘটনায় নদীপথের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বাল্কহেড মালিক সমিতির নেতারা। দ্রুত নদীতে নৌ-পুলিশের টহল জোরদার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।
প্রধান সম্পাদক: শহীদ-ই-হাসান তুহিন
সম্পাদক: এডভোকেট ব.ম শামীম
Leave a Reply