মুন্সীগঞ্জে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে আটক
মুন্সীগঞ্জ প্রতিনিধি -ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও মুন্সীগঞ্জে বিভিন্ন সড়কে ঝটিকা মিছিলের আশঙ্কায় পুলিশের বিশেষ চেকপোস্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাদের বহনকারী তিনটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর, হাতিমারা তদন্তকেন্দ্র ও শ্রীনগর থানা এলাকায় বিশেষ চেকপোস্ট বসানো হয়। সদর থানা পুলিশের চেকপোস্টে রাত আনুমানিক দেড়টার দিকে শহরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনে একটি হায়েস মাইক্রোবাসসহ ১০ জনকে আটক করা হয়। হাতিমারা তদন্তকেন্দ্রের চেকপোস্টে একটি হায়েস গাড়িসহ আরও ১১ জনকে আটক করা হয়।
অন্যদিকে, শ্রীনগরের ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় রাত ২টার দিকে চেকপোস্ট চলাকালে একটি হায়েস মাইক্রোবাসসহ আরও ১০ জনকে আটক করে পুলিশ।আটককৃতদের বয়স ২০-২৫ বছর বয়সী।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, আওয়ামী লীগ মিছিল করতে পারে এমন খবর পেয়ে এক্সপ্রেসওয়ের পাশে ছনবাড়ি এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় একটি সন্দেহভাজন মাইক্রোবাস থেকে ১০ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা আওয়ামী লীগের পক্ষে মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আজ মঙ্গলবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণ করা হয়।
অন্যদিকে, মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, সদর উপজেলার সিপাহিপাড়া থেকে ১১ জন ও নয়াগাঁও এলাকা থেকে ১০জনসহ সর্বমোট ২১ জনকে দুই মাইক্রোবাসসহ আটক করা হয়। পরে দুপুরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply