মুন্সীগঞ্জ নিজে কাস্তে হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন জনপ্রশাসন সচিব
নিজস্ব প্রতিনিধি-প্রধানমন্ত্রীর পরিচ্ছন্নতা অভিযানের বার্তা নিয়ে মুন্সীগঞ্জে ছুটে এলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব। শুধু বক্তব্য নয়, নিজে কাস্তে হাতে নিয়ে রাস্তায় নেমে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে সবাইকে চমকে দিলেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জ জেলা পরিদর্শনে আসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। সকাল ১০টায় সার্কিট হাউস প্রাঙ্গণে একটি কদবেল গাছের চারা রোপণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি।
পরে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন সচিব। র্যালি শেষে সবার সাথে মিলে নিজ হাতে ঝোপঝাড় পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, স্বাস্থ্য বিভাগ, রেড ক্রিসেন্ট, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা তার সাথে অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন,”সরকারি কর্মকর্তাদের অবশ্যই জনসেবক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। Prevention is better than cure. আমাদের রোগ হওয়ার আগেই প্রতিরোধ করতে হবে। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একটি পরিচ্ছন্ন ও সুস্থ বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলো আন্তরিকতার সাথে বাস্তবায়ন করে জনগণের আস্থা অর্জন করতে হবে। পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যাও করতে হবে।
সভায় সচিব ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ও জনসেবা নিশ্চিত করতে নির্দেশ দেন। প্রবাসীদের কষ্টার্জিত সম্পদ যেন কোনোভাবেই বেহাত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারি কাজের ভুল-ত্রুটি তুলে ধরুন, যাতে আমরা শুধরে নিতে পারি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমান সহ জেলা ও উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply