সিরাজদিখানে ক্লাসরুমে ঢুকে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে ৩ আছাড়ের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিনিধি –
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেণিকক্ষে ঢুকে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রকে শূন্যে তুলে তিনবার আছাড় দেওয়ার অমানবিক ঘটনায় অভিযুক্ত মো. নাহিদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনায় সিরাজদিখান থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের ভেতরে ৬ষ্ঠ শ্রেণির দুই ছাত্র ভিকটিম মো. হাবিব ভূঁইয়া (১২) এবং আতিকুর রহমান (১২) এর মধ্যে মারামারি হয়। বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার ১ অক্টোবর স্কুলের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ দুই পক্ষের অভিভাবককে স্কুলে আসতে বলেন।
অভিভাবকদের ডাকা হলেও আতিকুর রহমানের মামাতো ভাই মো. নাহিদ (৩৫), পিতা- মৃত আব্দুল জব্বার, সাং- পূর্ব রাজদিয়া, অধ্যক্ষের নির্দেশ উপেক্ষা করে স্কুলের পশ্চিম পাশের ভবনের তৃতীয় তলার ৩০২ নম্বর কক্ষে ৬ষ্ঠ শ্রেণির ক্লাসে ঢুকে পড়ে। সেখানে শিশু হাবিব ভূঁইয়া (১২), পিতা- হোসেন আলী, সাং- রামানন্দনকে মারধর করে শূন্যে তুলে পরপর তিনবার মেঝেতে আছাড় দেয়।
এই অমানবিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ সিরাজদিখান থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নাহিদকে গ্রেফতার করে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, এ ঘটনায় বিধি মোতাবেক মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply