মুন্সীগঞ্জে রেললাইনের পাশ হতে নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি –
মুন্সীগঞ্জের সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ২৬ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে যে, উপজেলার নিমতলা রেললাইনের পাশে এক অজ্ঞাত বৃদ্ধ নারীর মরদেহ পড়ে আছে।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেললাইন পারাপারের সময় ওই নারী ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় তার বাম পা কেটে গেছে।
পরে আইনগত প্রক্রিয়া শেষ করার জন্য মরদেহটি জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে রেললাইন পারাপারের সময় সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। রেললাইন পার হওয়ার আগে ডানে-বামে ভালোভাবে দেখে নেওয়া, রেললাইনের ওপর বসে থাকা বা হাঁটাচলা থেকে বিরত থাকা, চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং রেলওয়ের সিগন্যাল ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply