মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল, গুলি ও চাইনিজ কুড়ালসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি –
মুন্সীগঞ্জে অস্ত্রসহ মোল্লাকান্দির চিহ্নিত সন্ত্রাসী সাদ্দাম মাঝিকে (৩২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার( ২৭ অক্টোবর ) বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানার বাগেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ কামরান হোসেন এর তত্ত্বাবধানে জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নিঃ) দীপক কুমার সরকার ও ফোর্সসহ বাগেশ্বর সাকিনস্থ ইব্রাহীম ফকিরের পরিত্যক্ত উত্তর দুয়ারী দোতলা টিনের ঘরের দ্বিতীয় তলার পূর্ব পাশের কক্ষে অভিযান চালানো হয়।
এ সময় আসামি সাদ্দাম মাঝির দখল থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি সাদ্দাম মাঝি সদর উপজেলার মাকহাটি গ্রামের মন্নাফ মাঝির ছেলে।
সে মোল্লাকান্দি এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
Leave a Reply