সিরাজদিখানে ৮ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, দুই নারী আটক
সিরাজদিখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৮ বছরের এক শিশুকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ অভিযুক্ত দুই নারীকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তাহমিনা আক্তার (৮) স্কুল ছুটির পর দুই সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথে এরশাদ নামে এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছালে জান্নাত আক্তার (১৮) নামে এক নারী তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় শিশুটির দুই সহপাঠীর মাধ্যমে খবর পেয়ে তার মামা মহিউদ্দিন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত জান্নাত আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি গুলবাহার (৬০) নামে আরেক নারীর পরামর্শে শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি করেন। পরে গুলবাহার ঘটনাস্থলে এলে স্থানীয় লোকজন তাকেও আটক করেন।
খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি অভিযুক্ত দুই নারীকে থানায় নিয়ে যান।
অভিযুক্তরা হলেন জান্নাত আক্তার (১৮) ও মোসা. গুলবাহার (৬০)। জান্নাত আক্তারের পিতার নাম ইউনুছ শেখ এবং মায়ের নাম আসমা বেগম। তার স্বামীর নাম আরমান শেখ। তার স্থায়ী ঠিকানা মুন্সীগঞ্জের শ্রীনগর থানার ব্রাহ্মণখোলা এবং সিরাজদিখান থানার উত্তর কুসুমপুর এলাকায়। বর্তমানে তিনি ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
অপর অভিযুক্ত গুলবাহার (৬০) সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত শেখ লালচান, মায়ের নাম মৃত রবেদা খাতুন এবং স্বামীর নাম খোকন হাওলাদার।
শিশুটির মা তানিয়া আক্তার ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সিরাজদিখান থানা পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন থাকার কথা জানা গেছে।
এ ব্যাপারে সিরাজদিখান থানার এসআই শাহ আলী বলেন, ছেলে ধরা সন্দেহে দুই নারীকে আটক করে থানায় সোপাদ্য করেছে এলাকাবাসী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply