মুন্সীগঞ্জে নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি –
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু মোঃ আবু বক্কর সিদ্দিকী রাফি (৭) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানের প্রস্তুতিকালে ফুলদী নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে বলে জানান ফায়ার সার্ভীস। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন।নিহত শিশু মোঃ আবু বক্কর সিদ্দিকী রাফি (৭) পিতার নাম খায়রুল ইসলাম। তিনি গজারিয়ায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন এবং জীবিকা নির্বাহের জন্য একটি চায়ের দোকান পরিচালনা করেন। তাদের স্থায়ী নিবাস নড়াইল জেলায় বলে জানাগেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ৪৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে যে, উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় ফুলদী নদীতে পাঁচ বন্ধু গোসল করতে নামে। এ সময় চারজন সাঁতরে নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও সাত বছর বয়সী শিশু মোঃ আবু বক্কর সিদ্দিকী রাফি নিখোঁজ হয়।সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। কিন্ত শনিবার দিনভর অভিযান চালিয়েও শিশুটির সন্ধান মেলেনি। রবিবার সকালে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
Leave a Reply