মুন্সীগঞ্জে ৫ বন্ধুর সাথে নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ
নিজস্ব প্রতিনিধি –
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে মোঃ রাফি মিয়া (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, শনিবার (১৭ অক্টোবর ) দুপুর ২টা ৪৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে যে, উপজেলার মধ্য ভাটেরচর এলাকায় ফুলদী নদীতে পাঁচ বন্ধু গোসল করতে নামে। এ সময় চারজন সাঁতরে নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও রাফি মিয়া নামে সাত বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়।
সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরবর্তীতে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ শিশু মোঃ রাফি মিয়ার পিতার নাম খায়রুল ইসলাম। তার বাবা একটি চায়ের দোকান পরিচালনা করেন এবং বর্তমানে গজারিয়ায় ভাড়া বাসায় থাকেন। তাদের স্থায়ী নিবাস নড়াইল জেলায়।
নিখোঁজ শিশুটিকে উদ্ধার না করা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Leave a Reply