মাদক নিয়ে বিরোধ মুন্সীগঞ্জে ডেকে নিয়ে হ*ত্যার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি-
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে নিজ বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়। নিহতের স্ত্রী দাবি করেছেন, গ্রামের কয়েকজন তাঁকে কথা বলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন মুন্না মৃধা। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার ভোরে বাড়ির সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রীর দাবি, গ্রামের কয়েকজন ব্যক্তি তাঁর স্বামীকে কথা বলার জন্য ডেকে নিয়ে যান। পরে ভোরে বাড়ির সামনে তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মুন্না মৃধা মাদকাসক্ত ছিলেন এবং মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত প্রয়োজন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, নিহত ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। এ সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত, হত্যার কারণ উদ্ঘাটন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপের তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।
Leave a Reply