মুন্সীগঞ্জে বেশি দামে গ্যাস, তারিখ ছাড়া বীজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিনিধি –
মুন্সীগঞ্জে সরকারি দামের তোয়াক্কা না করে বেশি দামে এলপি গ্যাস বিক্রি আর মেয়াদ-দাম ছাড়া বীজ বিক্রির মহোৎসব চলছিল শ্রীনগর বাজারে। অবশেষে সেখানে হানা দিল ভোক্তা অধিদপ্তর।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার কলেজ রোড ও শ্রীনগর বাজারে টানা অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
সবচেয়ে বড় জরিমানাটা খেয়েছে শেখ ট্রেডার্স। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি – ২ হাজার ১৫০ টাকা করে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পায় অধিদপ্তর। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আতিক হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রির কড়া নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে খান ট্রেডার্সে উৎপাদনের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ছাড়া বীজের প্যাকেট বিক্রি হচ্ছিল। এ দায়ে মালিক সুমন খানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আর আবু বকর সীড স্টোরে বীজের মূল্যতালিকা প্রদর্শন না করায় মালিক আবু বকরকে আরও ২ হাজার টাকা*ষ জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা গোলাম হাসান মজুমদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি দল।
ভোক্তা অধিদপ্তর জানিয়েছে, জনগণকে ঠকিয়ে ব্যবসা করতে দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Leave a Reply