মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানকে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কা গুরুতর আহত চালক
নিজস্ব প্রতিনিধি –
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার তৎপরতায় গাড়ির ভেতরে আটকা পড়া আহত চালককে জীবিত উদ্ধার করা হয়েছে। গ্যাসবাহী ট্রাক হওয়ায় বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকিও এড়ানো সম্ভব হয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বুধবার( ৯ সেপ্টেম্বর) রাত ২টা ৫৮ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে সংবাদ আসে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ঢাকামুখী লেনে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকচালক আজগর খন্দকার গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকা পড়েন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম স্প্রেডার ব্যবহার করে পেশাদারিত্বের সঙ্গে আহত চালককে ট্রাকের ভেতর থেকে বের করে আনা হয়। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস জানায়, ট্রাকটি মংলা থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। অপরদিকে কাভার্ড ভ্যানটি মাগুরা থেকে ঢাকায় যাচ্ছিল। কামারখোলা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক হওয়ায় দুর্ঘটনাটি যেকোনো সময় বড় বিস্ফোরণে রূপ নিতে পারত। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থার কারণে কোনো প্রাণহানি ছাড়াই চালককে উদ্ধার করা সম্ভব হয় এবং সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
Leave a Reply