শ্রীকান্ত দাস (নিজস্ব প্রতিনিধি)
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কলেজ গেট ভাগ্যকুল রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) দুপুর একটা থেকে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তিনি বিভিন্ন দোকান সমূহে মনিটরিং করেন।
আসিফ আল আজাদ জানান, বড় বাজার স্টোরে এলপি গ্যাস সিলিন্ডার সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ২২ শত ৫০ টাকা করে বিক্রি করা হচ্ছে। ভোক্তা অধিকার আইনে দোকানটির ম্যানেজার মোহাম্মদ জিলানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও লক্ষ্মী নারায়ণ সুইটমিটে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই, ছানা প্রস্তুত করা হচ্ছে। লাড্ডু তৈরিতে ননফুডগ্রেড রঙ মিশানো এবং মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানটির মালিক মিঠু চন্দ্র বর্মনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দোকানটির মালিককে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি দল।
Leave a Reply