মুন্সীগঞ্জে অতিরিক্ত গতির কারনে বাস দুর্ঘটনা, আহত কয়েকজন
নিজস্ব প্রতিনিধি –
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী এসি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কয়েকজন যাত্রী আহত হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে পদ্মা সেতু উত্তর থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস (এসি) বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। পদ্মা সেতু উত্তর থানার সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা কয়েকজন যাত্রী আহত হন।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তারা গন্তব্যের উদ্দেশ্যে চলে যান।
প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply