ইতালি প্রবাসীকে বিমানবন্দর থেকে নিয়ে ফেরার পথে দুর্ঘটনা আহত ৯
নিজস্ব প্রতিনিধি-
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতর মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক গাড়ির ভেতরে আটকে পড়েন।
শনিবার (৭ নভেম্বর) ভোর রাত ৪টা ১৮ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার সংবাদ আসে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শ্রীনগর উপজেলাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে শ্রীনগর ফেরিঘাট এলাকায় দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরে আটকে পড়েন।
সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে গাড়িতে আটকে পড়া চালকসহ আহতদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
জানা যায়, ইতালি প্রবাসী রাসেল মাতব্বরকে বিমানবন্দর থেকে স্বজনরা রিসিভ করে মাদারীপুরে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো- মাদারীপুর সদর উপজেলার বালসা গ্রামের রুম্পা খাতুন (৩৫), মিম আক্তার,খাদিজা আক্তার (১৮), রাসেল মাতব্বর (৩০), ইতালি প্রবাসী, সিরাজ মাতব্বর (৭০), রনি মাতব্বর (২৮), মেহেদী (৩৫),মো. ইব্রাহিম (৩৬)ও ময়মনসিংহের আল-আমিন (৩০)।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
Leave a Reply