মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আরোহীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিনিধি- ্মু্ন্সীগঞ্জের টংগিবাড়ীতে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ সাগর (৩৮) নামে এক আরোহী আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ৮টা ৩৮ মিনিটে টংগিবাড়ী ফায়ার স্টেশনে দুর্ঘটনার সংবাদ আসে ধীপুর এলাকায় সানোয়ার কোল্ড স্টোরেজের সামনের সড়কে ঢাকা মেট্রো-হ-৬৪-৪১৩৯ নম্বরের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়।
সংবাদ পেয়ে টংগিবাড়ী ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সাগরকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকায়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকা এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই মানসম্মত হেলমেট পরার পরামর্শ দেওয়া হয়েছে।
Leave a Reply