মুন্সীগঞ্জে বাবা-মেয়েকে হ*ত্যা ১৯ দিনেও গ্রেফতার হয়নি মুখোশধারীরা, মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাবা গোলাপ হোসেন ও তাঁর ছয় বছরের শিশুকন্যা তওবা হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্বজনেরা। হত্যাকাণ্ডের ১৯ দিন পেরিয়ে গেলেও এজাহারভুক্ত আসামী সোহরাব হোসেন গ্রেফতার হলেও বাকি ৪জন মুখোশধারীসহ জড়িতদের গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। বিশেষ করে ঘটনার সঙ্গে জড়িত মুখোশধারী চার আসামিকে দ্রুত গ্রেফতারের দাবী জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
লতব্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নিহত গোলাপ হোসেনের বাবা-মা, স্ত্রীসহ পরিবারের সদস্য এবং স্থানীয় একাধিক ব্যক্তি বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাবা ও তাঁর অবুঝ শিশুকন্যাকে হত্যার ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনার ১৯ দিন পার হলেও মামলার আসামিরা গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবার এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। তাঁরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্ , গত ২৮ অক্টোবর বিকেল ৫টার দিকে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের একটি ইটভাটার কাছে হামলার শিকার হন গোলাপ হোসেন ও তাঁর ছয় বছরের মেয়ে তওবা। স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় কর্মরত দাদা জয়নাল মিয়ার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে গোলাপ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং তাঁর শিশুকন্যা তওবাকে হত্যা করা হয়।
পরদিন ২৯ অক্টোবর সকাল ৯টার দিকে মোল্লা ব্রিকসের পাশে একটি পরিত্যক্ত জমি থেকে শিশু তওবার মরদেহ উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত গোলাপ হোসেনকে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্বদেশ হাসপাতালে নেওয়া হলে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রাথমিকভাবে জমিসংক্রান্ত বিরোধকে এ ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করেছিল পুলিশ। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
Leave a Reply