ট্রাক খাদে, আটকে থাকা চালক-হেলপারকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
নিজস্ব প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় ঢাকামুখী লেনে টিনবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, ভেতরে আটকে পড়েন চালক ও হেলপার।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৩টা ৩৫ মিনিটে খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধুনিক সরঞ্জাম দিয়ে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে অ্যাম্বুলেন্সে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আহতরা হলেন চালক মো. মিন্টু মন্ডল (৪৫) ও হেলপার মো. ফয়সাল (২৫)। দুজনের বাড়ি ফরিদপুরের কোতোয়ালিতে। ট্রাকটি (যশোর-ট-১১-৫৫২০) চট্টগ্রাম থেকে টিন নিয়ে যশোর যাচ্ছিল।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ৩টা ৩৫ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে সংবাদ আসে যে, মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় ঢাকামুখী লেনে টিনবোঝাই ট্রাক অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গাড়ির ভেতরে আটকে পড়েন।
সংবাদ পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে দুর্ঘটনাকবলিত ট্রাকের ভেতরে আটকে থাকা চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে তাঁদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।যেকোনো অগ্নিদুর্ঘটনায় সেবা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২-এ কল করতে বলেন তিনি।
Leave a Reply